বৃষ্টির জন্য বিরতি

২০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ বুধবার মাঠে ফিরল টাইগাররা। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম বাংলাদেশ। কিন্তু বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে খেলা।

সকাল থেকে আকাশ ছিল মেঘ আর কুয়াশায় মোড়া। বৃষ্টির চোখ রাঙানির মধ্যেই শুরু হয়েছিল খেলা। ৩ দশমিক ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫/১। যশোয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি দুজনেই ৪ রান করে ব্যাট করছেন।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই এলবিডব্লিউ ফাদেঁ ফেলেন সুনিল আমব্রিসকে।

আগের ওভারের শেষ বলে রুবেল হোসেনকে চমৎকার এক ছক্কা হাঁকান আমব্রিস। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্ট্যাম্পে পরা বল খেলতে চেয়েছিলেন লেগে।

কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত।

এর আগে, ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বেলুন উড়িয়ে সূচনা করেন তিনি।

আগেই বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছিলেন, ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলা শুরুর আগে ক্যারিবিয়ানদের সাথে সাকিব-তামিম-মুশফিকরাও হাঁটু গেড়ে একাত্মতা জানান।

এ ম্যাচে অভিষেক হয়েছে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে ১৩৪তম ক্রিকেটার হলেন তিনি।

তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুজন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ক্রিকেট/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *