২৬ মে ২০২১ (নিউজ ডেস্ক): কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
বুধবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
করোনা সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।
সবশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে। স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর করোনায় প্রথম মৃত্যু হয় দেশে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান/এসকেএম















