আসাদ ফের সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

২৮ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সিরিয়া): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রদত্ত ভোটের ৯৫ দশমিক ১ শতাংশ পেয়ে ফের নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার পার্লামেন্ট স্পিকার হামৌদা সাববাগ লাইভ কনফারেন্সে প্রেসিডেন্ট আসাদের জয় ঘোষণা করেন। খবর: এএফপি।

অপর দুই প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দাল্লাহ সালুম আব্দাল্লাহ ও সদস্য মাহমুদ মার্হি যথাক্রমে ১ দশমিক ৫ ও ৩ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।

পার্লামেন্ট স্পিকারের দেয়া তথ্য অনুযায়ী, ২০১১ সালের পর যুদ্ধবিধ্বস্ত দেশটির ১ কোটি ৪২ লাখ মানুষ এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মোট ৭৬ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়ে।

সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে এটি ছিল দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। এখন পর্যন্ত এ যুদ্ধে ৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সরকারি ফলাফল অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনে আসাদ ৮৮ শতাংশ ভোট পেয়েছিলেন।
বুধবারের নির্বাচন ‘অবাধ ও নিরপেক্ষ’ হয়নি পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ আসাদ নাকচ করে দিয়েছেন।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইতালি দেশটির নির্বাচনের প্রক্রিয়াকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করে এমন নির্বাচন ব্যবস্থার নিন্দা জানিয়েছে।

সিরিয়া/এসকেএম