০৬ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে পাকিস্তানের চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকালের এই হামলায় আহত সেনাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর: রয়টার্স।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুরুতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় তারা ভারি অস্ত্রের ব্যবহার করে। পরে সেনাদের হামলায় এক সন্ত্রাসী আহত হয়।
উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলটি পাকিস্তানের সংখ্যালঘু জাতি অধ্যুষিত। যেখানে প্রায়ই সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে।
এর আগে গত ২৪ জুন পাকিস্তানে বেলুচিস্তানে টহলরত সেনাদের ওপর সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত হয়েছিল। নিহতরা সবাই সেনাবাহিনীর সদস্য। এ সময় আরও কয়েকজন সেনাসদস্য আহত হন।
পাকিস্তান মুসলিম লীগ ও বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফও এ হামলায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেলুচিস্তানে প্রায়ই এ ধরনের হামলা চালানো হয়ে থাকে। ওই রাজ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তিনি।
এর আগে গত ১৭ জুন বেলুচিস্তানের তুরবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।
সন্ত্রাসী হামলা/এসকেএম















