কুরবানি নিয়ে কোন অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না

১৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আসন্ন ঈদুল আযহায় কুরবানি নিয়ে কোন ধরনের অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না। কুরবানির হাটের ডিজিটাল ব্যবস্থাকে ব্যাহত করার কর্মকান্ডে কেউ সম্পৃক্ত হলে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আযহা বাঙালিসহ বিশ্বের অন্যান্য মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। তবে কুরবানির ঈদ উদযাপন করতে গিয়ে যাতে আমরা বিপদ ডেকে না আনি সেটা খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে কুরবানির পশু কেনা-বেঁচাকে উৎসাহিত করছেন। এ প্রক্রিয়ায় যদি কেউ বাধা সৃষ্টি করে তবে ধরে নেয়া হবে করোনাকালে মানুষের সমাগম এড়িয়ে সুন্দরভাবে কাজ করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

তিনি বলেন, অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কুরবানির পশু পরিবহনের ক্ষেত্রে যাদের প্রমাণাদি আছে তাদের যাতে পথে হয়রানি করা না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। হয়রানি করলে সেটা চাঁদাবাজি হবে, ফৌজদারি অপরাধ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যবস্থা নেবে।

কুরবানির হাট-বাজারে যাতে চাঁদাবাজি বা ডাকাতি না হয় এজন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগে সম্পৃক্তদের নজরদারি বাড়ানোর জন্য এসময় নির্দেশনা দেন মন্ত্রী। ক্রেতা-বিক্রেতাদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর বিপণনে বিকল্প বাজার ব্যবস্থাপনা এবং প্রাণিজ পণ্যের বিপণন বিষয়ে মন্ত্রণালয় আয়োজিত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ ভার্চ্যুয়ালি অংশ নেন।

শ ম রেজাউল করিম/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *