১৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার পদক্ষেপ নিয়েছে। কেউ বাদ যাবে না।
তিনি করোনা ভাইরাসের তাণ্ডব সত্ত্বেও মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। ঈদে ঘরমুখো যাত্রীদের মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করার পদক্ষেপ নিতে সরকারি কর্মকর্তাদের প্রতিও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার সকালে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২১’র প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওসমানী স্মৃতি মিলনায়তনে মূল অনুষ্ঠানে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের মানুষেরা গ্রামের উদ্দেশে ছুটতে পছন্দ করে, মাস্ক পরতে চায় না। কিন্তু প্রশাসনের যারা যেখানে দায়িত্বরত আছেন তারা একটু চেষ্টা করবেন মানুষকে বোঝাতে এবং তারা যেন মাস্কটা অন্তত পরে আর যেন সাবধানে থাকে।
পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দিতে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কোন মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না পড়ে, সেভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। ভ্যাকসিন দেয়া শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিন নিতে পারে তার জন্য যত ভ্যাকসিন দরকার আমরা কিনে আনবো এবং দেশের সবাইকে সেই ভ্যাকসিন দিবো।
করোনার দুর্যোগ মোকাবেলায় তিনি প্রশাসন, সশস্ত্র বাহিনী থেকে জনপ্রতিনিধি সকলকে ধন্যবাদ জানান। বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সাহসী ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: সচিবদের দায়িত্ব দেয়া প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত ছিল
অনুষ্ঠানে সরকারের সকল মন্ত্রণালয়ের সচিব এবং সিনিয়র সচিবগণ ২০২১-২২ সালের এপিএ স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক স্বাক্ষরকৃত ডকুমেন্ট গ্রহণ করেন। ৮ম বারের মত এদিন এপিএ স্বাক্ষরিত হলো। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এপিএ স্বাক্ষর অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন। আ ক ম মোজাম্মেল প্রধানমন্ত্রীর পক্ষে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রাপ্ত ১০টি মন্ত্রণালয়/বিভাগকে এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারও প্রদান করেন।
প্রধানমন্ত্রী/এএমএম/কিউটি
















Leave a Reply