১৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন বেগম খালেদা জিয়া, এটা ভালো।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যরা এসময় বক্তব্য রাখেন।
এসময় ডক্টর হাছান বলেন, আজকে আমরা দেখতে পেলাম, বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। তার দলের নেতারা এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন। আর সেই নেতারাই পরে টিকা নিয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি যেন টিকা গ্রহণ করে পুরোপুরি সুস্থ থাকেন, করোনা মহামারি থেকে মুক্ত থাকেন, সেটিই আমরা প্রত্যাশা করি।
তিনি বলেন, আপনারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন। এখন বেগম খালেদা জিয়াসহ সবাই যখন টিকা গ্রহণ করছেন। অতীতে বিভ্রান্তি ছড়ানোর জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বলে জনগণ মনে করে।
তথ্যমন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনিকার যে টিকা ইউরোপের মানুষও নিচ্ছে সেই টিকা দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটা কোনও কাজ করবে না। এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে -একথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। পরবর্তীতে দেখতে পেলাম তারাই আবার টিকা নিলেন। কেউ কেউ গোপনে আবার কেউ কেউ প্রকাশ্যে। আবার কেউ কেউ বললেন এই টিকা নিয়ে খুব আরামবোধ করছেন।
এসময় করোনা পরিস্থিতির মধ্যে ঈদে বাড়ি যাওয়ার পথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
তথ্যমন্ত্রী/এসকেএম















