০১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, মিয়ানমার): আবারও বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সামরিক শাসক মিন অং হ্লাইং।
রোববার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

মিন অং হ্লাইং বলেন, মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সাথে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।
মিয়ানমারের সামরিক সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার ক্ষেত্র তৈরিতে একজন বিশেষ প্রতিনিধি চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে আসিয়ান। সোমবার এ নিয়ে বসবেন জোটের পররাষ্ট্রমন্ত্রী।
অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর বিক্ষোভ নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা প্রতিবাদ জানিয়ে আসছেন।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে ৯৩৯ জন। তবে সামরিক বাহিনী এসব সংখ্যাকে মিথ্যা ও বানোয়াট বলে আসছে শুরু থেকেই।
মিয়ানমার/এসকেএম














