বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত

০৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): আফগানিস্তানের জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানে বিমান হামলায় দুই শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে আফগান সরকার।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান এক টুইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। খবর: নিউইয়র্ক পোস্ট।

টুইটে তিনি জানান, সেবারঘানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়। এ হামলায় ২০০ জনের বেশি তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে।

ফাওয়াদ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবান লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমানবাহিনীর এ হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে তালেবান।

সপ্তাহব্যাপী সংঘর্ষের পর গতকাল সেবারঘানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে তালেবান। আগের দিন গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নেয় সশস্ত্র সংগঠনটি। এ নিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তালেবান যোদ্ধাদের হাতে আফগানিস্তানের দুটি প্রাদেশিক রাজধানীর পতন হলো।

আফগানিস্তানের অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে। দুই পক্ষের লড়াইয়ে পড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হাজার হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছাড়ছে। পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণের লস্করগাহসহ কান্দাহারের বিভিন্ন শহর এখন চাপের মুখে রয়েছে।

আফগানিস্তান/এসকেএম