দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে চারদিনের সরকারী সফর শেষে মিলান থেকে দেশে ফিরেছেন। তিনি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কঁতে’র আমন্ত্র্রণে সে দেশ সফর করেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ সকাল ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস ও প্রেস সচিব ইহসানুল করিম। খবর: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী দুবাইয়ে দুই ঘন্টা যাত্রাবিরতি করেন।
ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী মিলান পৌঁছেন।

ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কঁ’তের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে দ্বি-পাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

দুই নেতা প্রায় এক ঘন্টার বৈঠকে দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন এবং ইতালি ও বাংলাদেশের মধ্যে চলমান অর্থনৈতিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।
দুই প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

আলোচনায়, ইতালির প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আরও ১০ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে শেখ হাসিনা রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন।

বিকেলে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল এন্ড স্পা’তে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন।

৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোথে ভ্যাটিক্যান সিটিতে দেখা করেন।

তিনি ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের ইতালির শাখার গণসংবর্ধনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *