২০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে দেশে করোনা মহামারীতে রূপ নিতে পারেনি।

সোমবার দিনাজপুরের বেচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা সূর্য অস্ত যাওয়ার আগেই বলে দেয় আজকে সূর্য উঠে নাই। ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা আসল, তখন বলা হলো বাংলাদেশে দুই কোটি মানুষ করোনায় মারা যাবে। এর মানে দুই কোটি মানুষ মারা যেতে পারলে মনে হয় সবাই খুশি।
তিনি বলেন, যারা বিরোধী রাজনীতি করে, তারা মনে করে দুই কোটি মানুষ মারা গেলে শেখ হাসিনা সরকারকে ফেলে দেয়া যাবে। শেখ হাসিনা সরকার আর থাকতে পারবেনা। ওদের কল্পনা বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশে সঠিক একজন নেতৃত্ব ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এ ধরনের আশঙ্কা করেছিল, তাদের সে আশঙ্কা সত্যি হয় নাই সঠিক নেতৃত্বের কারণে। আমাদের দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর জন্য পৃথিবী প্রস্তুত ছিলনা। সমগ্র পৃথিবী মুখ থুবড়ে পড়েছিল। বাংলাদেশ কিন্তু মুখ থুবড়ে পড়ে যায়নি। অথচ আমরা ছোট একটা দেশ। উন্নয়নশীল দেশ, ধনী দেশ না। কিন্তু করোনাকে সঠিক নেতৃত্বের কারণে, সঠিক ব্যবস্থাপনায় রেখেছিলাম বলেই, যেটাকে মহামারী বলা হয়, সে মহামারী কিন্তু বাংলাদেশে আক্রান্ত হয় নাই। মহামারী আক্রান্ত হয়েছিল স্পেন, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে। আমাদের সর্বোচ্চ ৬০০০ আক্রান্ত ও সর্বোচ্চ মৃত্যু ২০০ ছাড়িয়েছে। কিন্তু অন্যান্য দেশে একদিনে হাজার হাজার মানুষ মারা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ নারী অগ্রগতিতে সারা বিশ্বে অনুকরণীয়। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এজন্য পুরস্কৃতও হয়েছি। পঁচাত্তরের ১৫ আগস্টের পর নারীদের অন্ধকারে ঠেলে দেয়া হয়েছিল। ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগ সরকারের সময় নারী জাগরণের মাইলফলক সূচিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ আসলাম।
খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply