ইভ্যালির সব নথি আদালতে দাখিলের নির্দেশ

৩০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের সব নথিপত্র তলব করেছে হাইকোর্ট। আগামী ১১ অক্টোবরের মধ্যে এসব নথিপত্র আদালতে দাখিল করতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত মে মাসে ইভ্যালিতে ইলেকট্রনিকস পণ্যের ফরমাশের পর অর্থ পরিশোধ করে পণ্য ও টাকা না পেয়ে কোম্পানিটির অবসায়ন চেয়ে গ্রাহক ফরহাদ হোসেন ২২ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট ইভ্যালির সব সম্পদ বিক্রি ও হস্তান্তর থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দেন। একই সাথে কোম্পানি কেন অবসায়ন করা হবে না, এ মর্মে নোটিশ ইস্যু করা হয়। হাইকোর্ট ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন রাখেন। সে অনুসারে আজ বিষয়টি ওঠে।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।
তিনি বলেন, হাইকোর্ট ইভ্যালির সব নথিপত্র ১১ অক্টোবরের মধ্যে আদালতে দাখিল করতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দিয়েছেন। ১১ অক্টোবর পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলায় রাসেল ও নাসরিনকে ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র‍্যাব।

ইভ্যালি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *