ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে

৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস থেকে সুরক্ষায় যুক্তরাষ্ট্র থেকে দুই দিনে দেশে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা আসছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার তিন দফায় এই ২৫ লাখ ডোজ ফাইজারের টিকার চালান দেশে আসবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম চালান ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা আসবে।

আগামীকাল দুপুর ১২টায় আসবে দ্বিতীয় চালান। এই চালানে আসবে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ টিকা। একই দিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় চালানে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।

সব মিলিয়ে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে বলে আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

টিকা দেশে এলে তা গ্রহন করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় আসে ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা। আর তৃতীয় দফায় আসে প্রায় ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা।

করোনা ভ্যাকসিন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *