৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সৌদি আরবের জাযান প্রদেশের কিং আব্দুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকির বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।
তুর্কি আল মালিকি বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুইটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে।
ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।
আরব নিউজের খবরে বলা হয়, আহতদের মধ্যে ছয়জন সৌদি যাত্রী এবং বিমানবন্দরের কর্মচারী তিনজন বাংলাদেশি শ্রমিক ও একজন সুদানী শ্রমিক ছিলেন।
২০১৫ সাল থেকে ইয়েমেন সরকার ও ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
এসবের জের ধরে সৌদি আরবে এর আগেও দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গতকাল হামলার পর তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি।
ড্রোন হামলা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply