৩১ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পৃথক ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিন কর্মকর্তাসহ আট সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় সেনাসদস্যদের গুলিতে সাত সন্ত্রাসীও নিহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনী একটি বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মাকিনে শহরে সন্ত্রাসীদের সাথে সেনাদের বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী নিহত হয়েছে। তবে সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধের সময় গুলিতে ক্যাপ্টেন সাদ বিন আমির ও ল্যান্সনায়েক রিয়াজ নিহত হন।
এ ছাড়া টঙ্ক জেলায় সন্ত্রাসীদের সাথে আরও একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে তিন সন্ত্রাসী একটি সামরিক স্থাপনায় ঢোকার চেষ্টা করলে পাকিস্তানি সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তিন সন্ত্রাসীকে হত্যা করে। ব্যাপক গোলাগুলির মধ্যে ছয় সেনাসদস্যও নিহত হন বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে।
টঙ্কে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাদের মধ্যে রয়েছেন সুবেদার মেজর শের মোহাম্মদ, নায়েব সুবেদার জুবাইদ, হাবিলদার সোহেল, ল্যান্সনায়েক গোলাম আলী, সিপাহি মাসকিন আলী ও সিপাহি মীর মোহাম্মদ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের একটি গোষ্ঠী টঙ্কে সেনাদের ওপর এ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















