১১ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপির নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য-প্রণোদিত বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃসময়ের কথা বলে দেশের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আসলে দেশে কোনও দুঃসময় নেই, দুঃসময় যাচ্ছে বিএনপির রাজনীতিতে। তাদের নেতাকর্মীরা এখন হতাশ। শীর্ষ নেতাদের নেতৃত্ব ও সক্ষমতা নিয়ে তারা সন্দিহান। বিএনপির নেতাকর্মীরা এখন দিশেহারা পথিক। তারা এখন বিএনপির শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ চায় বিএনপির আমলের দুঃশাসন ভুলে যেতে। ফলে জনগণ বার বার আওয়ামী লীগকেই বেছে নিয়েছে। বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই বেছে নিবে। সেটা বুঝতে পেরেই বিএনপি এখন দুঃসহ যন্ত্রণায় ভুগছে।
তিনি বলেন, বিএনপির ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করার ইতিহাস। গণতন্ত্র হত্যার ইতিহাস, ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে লুন্ঠন ও দুর্নীতির রাজত্ব কায়েমের ইতিহাস।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাজই হচ্ছে অপতৎপরতায় লিপ্ত থেকে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে জাতির কপালে একের পর এক কলঙ্কের তিলক পরানো। বিএনপি নির্বাচনের নামে আসলে কী চায়, সেটা তাদেরকে জনগণের সামনে স্পষ্ট করতে হবে। তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের উপায় হিসেবে যদি সত্যিকার অর্থে নির্বাচনে বিশ্বাস আনে তাহলে তা বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















