মিরপুর-উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মিরপুর ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার দুপুরের দিকে মিরপুর পল্লবী এলাকার ১১ নম্বর সড়কে অবস্থান নেন কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা। অন্যদিকে উত্তরার জসীমউদ্‌দীন-আজমপুর এলাকার সড়কে অবস্থান নেন ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড নামের দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। উত্তরার দুটি গার্মেন্টসের মালিক একই ব্যক্তি।

সড়ক অবরোধের কারণে মিরপুর ১০ এবং এর আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। একই অবস্থা দেখা গেছে বিমানবন্দর-উত্তরা সড়কেও। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

পল্লবীর রাস্তায় অবস্থান নেয়া শ্রমিকদের ভাষ্য, তাদের গার্মেন্টসে প্রায় ৩০০ শ্রমিক আছেন। তাদের কেউই এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন পাননি। সব বকেয়া বেতন ও ঈদ বোনাস ২০ এপ্রিল দেয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তারা টাকা পাননি। গার্মেন্টসমালিকও দুই সপ্তাহ ধরে কারখানায় আসছেন না।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, শ্রমিকেরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। এতে এক পাশের রাস্তা বন্ধ থাকায় যানজট তৈরি হয়।

উত্তরার ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বলেন, তাদের কারও দুই মাসের বেতন, আবার কারও তিন মাসের বেতন বকেয়া আছে। ওভারটাইম ও বোনাসও তারা পাননি। এ কারণে তারা সড়কে নেমেছেন।

বিক্ষোভ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *