সু চির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় স্থগিত

২৫ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়েরা করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন মিয়ানমারের আদালত।

দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র এসব কথা জানিয়েছেন। খবর: এএফপি।

সু চির বিরুদ্ধে করা ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ গ্রহণের মামলার আজ রায় দেয়ার দিন ধার্য ছিল। সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন, আজ কোনও রায় হচ্ছে না। কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সামরিক বাহিনীর তৈরি রাজধানী নেপিদোতে একটি বিশেষ আদালতে মামলার শুনানিতে সাংবাদিকদের উপস্থিত থাকতে দেয়া হয়নি। গণমাধ্যমের সাথে মামলার বিষয়ে সু চির আইনজীবীর কথা বলার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

রয়টার্স জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। এর পর থেকে এই নোবেলজয়ীর বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে তার সর্বোচ্চ সাজার পরিমাণ ১৫০ বছর ছাড়িয়ে যেতে পারে।

এখন পর্যন্ত অং সান সু চি দুটি তুলনামূলক ছোট অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার ছয় বছরের সাজা হয়েছে। অন্য মামলাগুলোর রায় হতে কয়েক বছর লেগে যেতে পারে।

মামলার বিচারপ্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ নেয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা করা হয়। একসময় ফিওকে সু চির উত্তরসূরি মনে করা হতো। সু চির এ শিষ্য অক্টোবরে সাক্ষ্য দেন, সমর্থন পেতে তাকে এই অর্থ ও স্বর্ণ দিয়েছিলেন তিনি। তার এই সাক্ষ্য জাতীয় টেলিভিশনে আলাদাভাবে সম্প্রচার করে সেনা সরকার। তবে এই অভিযোগকে ‘হাস্যকর’ মন্তব্য করে নাকচ করে দেন সু চি।

মিয়ানমার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *