৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, জনগণ বিএনপির ওপর নানা কারণে বিরক্ত। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না। জনগণের বিষয় নিয়ে কথা বলে না। তারা কথা বলে খালেদা জিয়ার স্বাস্থ্য আর তারেক জিয়ার শাস্তি নিয়ে। জনগণের ওপর তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। যেটি দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগে।
রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকরা ঈদের পরে বিএনপি চরমভাবে আন্দোলনে নামবে -এ নিয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদের পরে আন্দোলন, শীতের পরে আন্দোলন, পরীক্ষার পরে, বর্ষার পরে আন্দোলন এটি আমরা গত ১৩ বছর ধরে শুনে আসছি। এখন এটা কি এই ঈদের পরে না কোন ঈদের পরে সেটা আগে পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। আসলে এ সমস্ত কথা বলে তারা নিজেদেরকে ক্রমাগত হাস্যস্পদ করছে এবং সে কারণেই জনগণ তাদের আন্দোলনে কখনও সাড়া দেয়নি।
এর আগে মন্ত্রী বাংলাদেশ সম্পাদক ফোরামের সাথে আলোচনা সভায় অংশ নেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আইনানুযায়ী টকশো এবং সংবাদ বুলেটিন প্রচার করা যে, পত্রিকার অনলাইন বা অনলাইন পত্রিকার কাজ নয় সে বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন-এটকোর সাথে একমত পোষণ করেছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। এতে করে আমাদের পক্ষে অন্যদের সাথে কথা বলা সহজ হবে এবং বিষয়টি সহজে উপস্থাপন করা যাবে। অনলাইনে সংবাদের সাথে ছোট্ট ভিডিও ক্লিপ যেতে পারে, কিন্তু আইনানুযায়ী সংবাদ বুলেটিন কিংবা টকশো’র আয়োজন করা যায় না।
সম্পাদক ফোরাম উত্থাপিত অপর বিষয়গুলো নিয়ে প্রেস কাউন্সিল ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশে কর্মরত সাংবাদিকদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এটি হলে তালিকায় সাংবাদিক হিসেবে কার নাম আছে, আর কার নাম নেই সেটি বোঝা যাবে। সবাই সাংবাদিক হিসেবে পরিচয় দেয়া তখন কঠিন হয়ে যাবে।
এসময় অন্যদের মধ্যে ফোরামের উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply