১৭ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও পরিবহনের ক্ষেত্রে অহেতুক দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হয়েছে, মূল্য সমন্বয় করে পশ্চিমবঙ্গের সমপরিমাণ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর সুযোগ নিয়ে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়ানোর জন্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে এবং পরিবহনের খরচও তারা বাড়িয়ে দিয়েছে। এটি কোনভাবেই কাম্য নয়, কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার এসব মনিটরিং করছে এবং আমি আশা করবো ব্যবসায়ী সংগঠন ও নেতারা এ নিয়ে ভূমিকা রাখবেন। সরকার প্রয়োজনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতাল সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ডক্টর হাছান বলেন, মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। ইউরোপীয় ইউনিয়নের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৬ শতাংশ, আমেরিকায় ৮ দশমিক ৫ শতাংশ, যুক্তরাজ্যে ৯ দশমিক ৪ শতাংশ, পাকিস্তানে ২৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৯ শতাংশ এর ওপরে। কিন্তু আমাদের দেশে ৭ দশমিক ৫ শতাংশ এর ওপরে যা মে মাসের আগ পর্যন্ত ৭ শতাংশ এর নিচে ছিল এবং তা এখনও অনেক দেশের চেয়ে কম। আর বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের কর্মকাণ্ডে যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়। যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে, তারা যেন বাম ভাইদের কর্মকাণ্ডে লাভবান না হয়, দেশটাও যেন তাদের হাতে চলে না যায়। সেটিই তাদের প্রতি অনুরোধ।
জিম্বাবুয়ে/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply