সেই নৈরাজ্য-বিশৃঙ্খলার পথেই হাঁটছে বিএনপি

নিউজ ডেস্ক: জনবিচ্ছিন্ন বিএনপি সেই নৈরাজ্য-বিশৃঙ্খলার পথেই হাঁটছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, এই পথে হেঁটে তাদের কোনও লাভ হবে না।

বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির শরৎকালীন পর্বের (ফল সেমিস্টার) নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি ২০১৩, ১৪ ও ১৫ সালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ২০১৮ সালেও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল। এখনও তারা একই পথে হাঁটছে। এই পথে হেঁটে বিএনপির কোনও লাভ হবে না।

বিএনপির সাম্প্রতিক মিছিল-সমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা গত কয়েকদিন ধরে দেখছি বিএনপি বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড নিয়ে মিছিল করছে। তারা অতীতে জনগণ ও পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে, গতকালও মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলা করেছে। ফলে সহজেই অনুমেয় এখন তারা নিজেরা আতংকিত এবং তারা আবার নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।

তিনি বলেন, বিএনপি জানে যে জনগণ তাদের সাথে নেই। এমনকি তাদের প্রান্তিক কর্মীরাও তাদের সাথে নেই। তাদের কর্মসূচি শুধু ঢাকা এবং কিছু কিছু শহরভিত্তিক। গ্রামেগঞ্জে তাদের কর্মীদের কোনও সাড়া নেই। কারণ নেতাদের ওপর তাদের কোনও আস্থা নেই। এজন্য তারা নিজেরা আতংকিত। আর জনগণ তাদের কাছ থেকে সরে গেছে, সেটি তারা ভালো করেই জানে এবং বুঝে। সেজন্য তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি কোনও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সেই ব্যবস্থা মাঝে মধ্যে গ্রহণ করে যখন তারা পুলিশের ওপর চড়াও হয়। সে কারণে বিভিন্ন জায়গায় পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়েছে, আবার নিজেরা নিজেরা মারামারি করে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় তারা নিজেদের সমাবেশ ভন্ডুল করেছে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *