পঞ্চগড়ে বিএনপি নেতার মৃত্যু হৃদরোগে, পুলিশের আঘাতে নয়

নিউজ ডেস্ক: পঞ্চগড়ে বিএনপির গণমিছিলের নিকটস্থলে আব্দুর রশিদের মৃত্যুর কারণ হৃদরোগ। পুলিশের আঘাত নয়। এটিকে কর্মীদের সংঘাতের দিকে ঠেলে দেয়াও বিএনপি নেতাদের সমীচীন নয়। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, পঞ্চগড়ে শনিবার যে ব্যক্তি মারা গেছেন, তিনি বিএনপি করতেন এবং যে কোনও মৃত্যুই বেদনাদায়ক। সে জন্য আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে তার মৃত্যুটা পুলিশের সাথে সংঘর্ষের কারণে নয়। তিনি হৃদরোগী ছিলেন, তার বাইপাস সার্জারি হয়েছিল। তিনি বিএনপির মিছিলে এসেছিলেন বটে কিন্তু পুলিশের সাথে ঘটনা শুরু হওয়ার আগেই তিনি একটি মসজিদের সামনে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মন্ত্রী বলেন, গতকাল ময়নাতদন্তের রিপোর্ট বেরিয়েছে। তার মৃত্যু হার্ট এটাকেই হয়েছে তা বেরিয়ে এসেছে। তবে বিএনপি তাদের কর্মীদেরকে সবসময় সংঘাতের দিতে ঠেলে দেয়, যা সমীচীন নয়। এই সাংঘর্ষিক রাজনীতি দেশের কোনও কল্যাণ বয়ে আনে না, তাদের দলের জন্যও এ পর্যন্ত কল্যাণ বয়ে আনেনি। এই সাংঘর্ষিক রাজনীতি বিএনপির পরিহার করা উচিত।

দলের শীর্ষ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাছান মাহমুদের প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, আমার কর্তব্য হচ্ছে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করা। আগেও আমি সততার সাথে পালন করেছি। আমি বিগত দুই দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবে সবসময় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতের পথ চলাতেও সাংবাদিকদের সহযোগিতা চাই।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *