আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। ক্যানসারযুক্ত একটি টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।
বাইডেনের চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে ক্যানসারযুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।
গত মাসে ৮০ বছর বয়সী বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গতকাল গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।
বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ-সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
স্কিন ক্যানসার ফাউন্ডেশনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৩৬ লাখ মানুষের এ ক্যানসার শনাক্ত হয়। এটি ধীরগতিতে ছড়ায়, নিরাময়যোগ্য এবং শুরুতেই চিকিৎসা নিলে কোনও আশঙ্কা থাকে না।
বাইডেনের পরিবার অনেক বছর থেকেই ক্যানসারের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ২০১৫ সালে তাদের প্রাপ্তবয়স্ক ছেলে বিউ মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জো বাইডেন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply