নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সই হওয়ার পর আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে।
মঙ্গলবার সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।
সার্চ কমিটি কত সদস্যের হবে-এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, আইনে যা বলা আছে, তা-ই হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। বিগত নির্বাচনগুলোই ছিল ভুয়া। তাই ভোটার তালিকা নিয়ে তেমন কথা হয়নি। এবার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। একটি স্বচ্ছ ভোটার তালিকা করা হবে। অন্তর্বর্তী সরকার একটি সুন্দর নির্বাচন দেবে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন দিতে কত সময় লাগবে, তা অনেকগুলো ‘ফ্যাক্টর’-এর (বিষয়) ওপর নির্ভর করবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, একটি রাজনৈতিক দল হাজার মানুষ হত্যা করে, হাজার হাজার মানুষকে অঙ্গহানি করে। এখনো তাদের নেত্রী দেশের বাইরে বসে সন্ত্রাসী কার্যক্রমের কথা বলেন, অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেয়ার হুমকি দেন। তিনি একজন গণহত্যা মামলার আসামি। তাদের বিচারের আগে নির্বাচনে আসা মানুষ মেনে নেবে বলে আমার মনে হয় না।
আইন উপদেষ্টা বলেন, আপনারা বিবেচনা করে দেখেন, এমন গণহত্যা চালানোর পরও তিনি দেখে নেয়ার কথা বলেন, আমাদের নেতাদের কিশোর গ্যাং বলেন। এ দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা দেশের মানুষ বিবেচনা করবে।
নির্বাচন/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply