সাহারা খাতুনের চিরবিদায়

হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। তার মরদেহ দেশে আনার বিষয়ে আজ (শুক্রবার) সিদ্ধান্ত নেয়া হবে।

সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ জুন মেডিকেল বোর্ডের পরামর্শে ৬ জুলাই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হয়।

সংসদ সদস্য সাহারা খাতুনের বয়েস হয়েছিল ৭৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েক মাস যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা সমস্যা ভুগছিলেন।

অ্যাডভোকেট সাহারা খাতুন নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০৯ সালে দেশের প্রথম নারী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে মন্ত্রী সভা পুনর্গঠন হলে তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সাহারা খাতুন ১৯৪৩ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *