তিন মাস বিশ্রামে থাকতে হবে সুজাতাকে

০২ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতা। বাসায় গেলেও বেশ কয়েক দিন তাকে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে। প্রতি সপ্তাহে হাসপাতালে গিয়ে চেকআপ করিয়ে আসতে হবে। আগামী তিন মাস জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন চিকিৎসকেরা।

গণমাধ্যমকে এসব তথ্য দিয়েছেন সুজাতার নাতি ফারদিন আজিম।

তিনি জানান, দাদি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ছিল। বয়স বেড়ে গেছে। ইউরিক অ্যাসিডের কারণে শরীরে অনেক ব্যথা ছিল।

ফারদিন বলেন, পারিবারিক কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে তিনি খুব চিন্তিত ছিলেন। অনেক সময় ঠিকমতো ঘুমাতেন না। নিয়মিত খাওয়াদাওয়াও করতেন না। দুশ্চিন্তা এবং খাওয়াদাওয়ায় অনিয়মের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সুজাতার শারীরিক অবস্থা নিয়ে এখনো চিন্তিত তার পরিবার।

গত ২৫ নভেম্বর সকালে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় সুজাতার। ব্যথা বাড়তে থাকায় তাকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সুজাতাকে পর্যবেক্ষণের জন্য চার দিনের মতো হাসপাতালে রাখা হয়।

এই অভিনেত্রী ঢাকার পশ্চিম রামপুরার মহানগর আবাসিক এলাকায় থাকেন। তার সাথে থাকেন ছেলে ফয়সাল আজিম, তার ছেলের স্ত্রী আর দুই নাতি ফারদিন ও আবিয়াজ।

জানা গেছে, এর আগে তিনি অসুস্থ ছিলেন না। করোনাকালে বেশির ভাগ সময় তিনি বাসায়ই ছিলেন। তখন তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করেছেন।

পাঁচ দশক আগে তিনি চলচ্চিত্রে নাম লেখান। সিনেমায় খুব একটা নিয়মিত না হলেও টেলিভিশন নাটকে তাকে এখনো মাঝেমধ্যে দেখা যায়।

বড় পর্দায় সুজাতা প্রথম অভিনয় করেন ‘দুই দিগন্ত’ ছবিতে নাচের দৃশ্যে। তবে প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় ‘ধারাপাত’। সুজাতার জীবন আমূল বদলে দেয় ১৯৬৫ সালে মুক্তি পাওয়া লোককাহিনিনির্ভর ছবি ‘রূপবান’ যা আজও একটা ইতিহাস। সুজাতার স্বামী অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক আজিম মারা গেছেন ২০০৩ সালে।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *