২৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ‘স্পুতনিক-৫’ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে এ কথা জানিয়েছেন। খবর: রয়টার্স।
দিমিত্রি পেসকভ বলেন, পুতিন করোনার টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষোয় তিনি।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ‘স্পুতনিক-৫’ টিকা দেয়ার ঐচ্ছিক কর্মসূচি শুরু করে। মস্কোয় সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন জানান, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সোমবার থেকে করোনার এই টিকা দেয়া হতে পারে। মস্কোর মেয়রের এই ঘোষণার আগের দিন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পৃথক ট্রায়ালের পর বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা প্রদানের বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে।
রাশিয়ায় করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে পুতিন মূলত ভার্চ্যুয়ালি কাজ করছেন। তিনি তার সভা-নির্দেশনাসহ বিভিন্ন কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে করছেন।
গত আগস্টে পুতিন জানান, তার এক মেয়ে করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন। টিকা নেয়ার পর তার কোনো সমস্যা হয়নি।
গত আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-৫’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা।
অক্টোবরের মাঝামাঝি রাশিয়া করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দেয়। দ্বিতীয় টিকাটির নাম ‘এপিভ্যাককরোনা’। পরে তৃতীয় টিকার নিবন্ধন দেয়া হবে বলে জানায় রাশিয়া।
রাশিয়ার ভাষ্য, তাদের উদ্ভাবিত ‘স্পুতনিক-৫’ টিকাটি ৯৫ শতাংশ কার্যকর।
তবে পরীক্ষার সব ধাপ শেষ না করেই অনুমোদন দেয়ায় রাশিয়ার করোনার টিকা নিয়ে পশ্চিমা গবেষকদের মধ্যে সন্দেহ আছে।
রাশিয়া/এসকেএম
















Leave a Reply