০৫ ফেব্রুয়ারি, ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশটির সরকারপন্থী ১৬ নিরাপত্তা বাহিনী এবং ১০ জন তালেবান নিহত হয়েছেন।
শুক্রবার জেলা প্রধানের ডেপুটি কাতরাতুল্লাহ সাফি একথা জানান। খবর: সিনহুয়া।
খবরে যানা যায়, এ সংঘর্ষে কমান্ডার আব্দুল হাকিমসহ সরকারপন্থী ১৬ মিলিশিয়া এবং ১০ তালেবান বিদ্রোহী সদস্য নিহত হয়েছে। এতে পাঁচ বিদ্রোহীসহ আরও নয়জন আহত হয়।
এদিকে গ্রামবাসীরা জানান, কয়েকশ’ তালেবান জঙ্গি শুক্রবার সকালে খানাবাদ জেলার তেপা আখতার এলাকায় সরকারপন্থী মিলিশিয়াদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে।
কুন্দুজ প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইউসুফ এ সংঘর্ষের খবর নিশ্চিত করে বলেন, সেখানে সরকারি বাহিনী শক্তি জোরদার করতে বিলম্ব হওয়ায় সরকারপন্থী ১৬ মিলিশিয়া সদস্য প্রাণ হারায়।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply