আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি

২০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিজ দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমানদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজে গোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাবার কথা নয়। একঘরে হয়ে বিএনপি আসলে এখন হতাশাগ্রস্ত।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিবেকবান, শুভবুদ্ধি সম্পন্ন ও গণতন্ত্রকামী দেশপ্রেমিক কোন নেতৃত্ব গণতন্ত্রের হন্তারক বিএনপির নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে সমর্থন করবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এ দেশের কোন প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না। এ বিষয়টি বুঝার সক্ষমতাও তারা হারিয়েছে। কিন্তু বিএনপি না বুঝলেও জনগণ ঠিকই বোঝে।

‘দেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপিই এখন গভীর সংকটে আছে। বাংলাদেশ কোন সংকটে নেই। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।

ওবায়দুল কাদের বলেন, নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরিচিকা। বিএনপি নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখে। কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামী, আর ভারপ্রাপ্ত চেয়ারপার্সনও দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা কি বর্তমান সরকারের আমলে? সেটা ছিলো তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তা দেশবাসীসহ সবাই জানেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *