ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন বিমান হামলা

২৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাক-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানসমর্থিত কমপক্ষে পাঁচজন মিলিশিয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানার বরাতে এএফপি জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু রয়েছে। কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

রোববার পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি জানান, যেসব স্থাপনা লক্ষ্য করে মার্কিন হামলা চালানো হয়, তা ইরানসমর্থিত মিলিশিয়া গ্রুপগুলো ব্যবহার করে আসছিল। এসব মিলিশিয়া গোষ্ঠী ইরাকে অবস্থানরত মার্কিনদের ওপর গাড়ি হামলা চালায়। এর পাল্টা জবাব দিতে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইরানসমর্থিত মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় ২০ জন নিহত হন।

বিমান হামলা/এসকেএম