৭ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): কিউবায় বজ্রপাতে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন জ্বালানিমন্ত্রীসহ ১২১ জন। নিখোঁজ রয়েছেন ১৭ অগ্নিনির্বাপণকর্মী।
আগুন নিয়ন্ত্রণে গতকাল শনিবার বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তা চেয়েছে হাভানা। খবর: এএফপি।
কর্মকর্তারা জানান, পশ্চিমাঞ্চলীয় মাতানজাস প্রদেশে গত শুক্রবার দিনের শেষ দিকে বজ্রপাতে একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ১ হাজার ৯০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
প্রাদেশিক কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কিউবার প্রেসিডেন্ট দপ্তরের ট্যুইটারে হালনাগাদ তথ্যে বলা হয়, পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আরও তিনজন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ব্যক্তিদের মধ্যে জ্বালানিমন্ত্রী লিভান অ্যারোন্তেও রয়েছেন। এ ছাড়া মাতানজাসের একটি শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের স্থলের ‘সবচেয়ে কাছে থাকা’ ১৭ অগ্নিনির্বাপণকর্মী নিখোঁজ রয়েছেন বলে প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে। শহরটি হাভানা থেকে ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
কিউপেটের তথ্য অনুযায়ী, বজ্রপাত আঘাত হানার সময় ট্যাংকটিতে ধারণক্ষমতার অর্ধেক ২৬ হাজার ঘনমিটার অপরিশোধিত তেল ছিল। দ্বিতীয় ট্যাংকটিতে ছিল ৫২ হাজার ঘনমিটার জ্বালানি তেল।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply