১৬ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, উত্তর কোরিয়া): করোনা ভাইরাস এবং গত বছরের টাইফুনের কারণে উত্তর কোরিয়ায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দেশটিতে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।
কিম জং উন বলেছেন, চলতি বছর দেশের অর্থনীতির বেশ উন্নতি হয়েছে। তবে করোনা ভাইরাস এবং গত বছর টাইফুনের কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনে ব্যবস্থা নিতে হবে।
কেসিএনএ জানায়, মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেখানে আলোচ্য বিষয় ছিল ‘অর্থনৈতিক সমস্যা সমাধান ও গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা’। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট কিম জং উন।
সভায় নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনা অর্জনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় চাষাবাদ বাড়ানো এবং করোনা ঠেকাতে পার্টির পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া গত বছর থেকে শিক্ষা নিয়ে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে কিম।
কিম জং উন/এসকেএম















