জনগণের নির্দেশনা পেলেই বিএনপি নির্বাচনে যাবে

৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেবল জনগণের কাছ থেকে নির্দেশনা এলেই বিএনপি নির্বাচনে যাবে। এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ সিলেট জেলা বিএনপির নব-নির্বাচিত নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ডক্টর খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন হবে বাংলাদেশে। বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না তার পরামর্শ দেবে জনগণ। অন্য কেউ না। জনগণ যেদিন পরামর্শ দেবে, তারা নিজের হাতে ভোট দিতে পারবে মেশিনের মাধ্যমে নয়। জনগণের আস্থা যেদিন হবে যে দেশে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণের দল হিসেবে সেদিন বিএনপি নির্বাচনে যাবে। বিদেশিদের কোনও পরামর্শে নয়।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন, তারা যেন বলে বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো অন্য কেউ বলার বিষয় না। আমরা মনে করি এই দেশের মানুষ যেদিন বলবে, হ্যাঁ তারা ভোট দিতে পারবে, তাদের আস্থা ফিরে এসেছে সেদিন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দাকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ অন্যরা।

খন্দকার মোশাররফ/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *