৩১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপি নেতাদের দল থেকে ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন নজরকাড়া মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের পদত্যাগের আহ্বান বিএনপি’র অগণতান্ত্রিক আচরণ। বিএনপি’র এই আহ্বান হাস্যকর। জনগণ নির্দিষ্ট মেয়াদের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছে। মেয়াদ শেষ হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
সেতুমন্ত্রী বলেন, নিরপেক্ষ বলতে শিশু আর পাগল ছাড়া কেউ নেই, বিএনপি নেত্রীর একথা নিশ্চয়ই ভুলে যায়নি জনগণ। নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি এখন সরকারের পদত্যাগ দাবি করছে।
‘সরকার পরিকল্পিতভাবে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। বিএনপি’র কাছে নিরপেক্ষতা হচ্ছে, তাদের পক্ষে রায় গেলে বিচার বিভাগ স্বাধীন। আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে।
তিনি বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান নিয়ে বিএনপি অপপ্রচার ও মনগড়া কথা বলে যাচ্ছে অবিরাম। অথচ তারাই পরিকল্পিতভাবে বিচার বিভাগ নিয়ে মিথ্যাচার করছে।
মন্ত্রী বলেন, গত চার দশক পার হলেও বিএনপি’র রাজনীতি থেকে সন্ত্রাস নির্ভরতা একটুও কমেনি। জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি যারা করে আসছে তাদের কাছে জনস্বার্থের চেয়ে ক্ষমতাভোগই অধিকতর কাঙ্খিত। ক্ষমতা ফিরে পাবার মোহে বিএনপি এখন অন্ধ।
বিএনপি বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা না করে ভারত বিরোধিতার ভোঁতা অস্ত্রে শান দিচ্ছে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, যারা ভারত সফর শেষে বিমানবন্দরে এসে বলে গঙ্গার পানি বন্টনের কথা বলতে ভুলে গেছে, তাদের মুখে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের কথা মানায় না।
গত কয়েক দিনে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালানো হয়েছে তা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, এ নিয়ে বিএনপি নেতারা বলেছেন এর সাথে তাদের কোন যোগসূত্র নেই। তাদের একথা শুনলে হাসি পায়, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।
সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসব সন্ত্রাসী কার্যকলাপের উস্কানি ও প্রশ্রয় দিচ্ছে। জনগণের সম্পদে আগুন ধরিয়ে দেয়ার নির্দেশদাতা হয়ে আবার সমাবেশও করে। বিএনপি’র মায়া কান্না মাছের পুত্র শোকের মত।
বিএনপিকে সরকারের অন্ধ সমালোচনা না করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং জনগণকেও স্বাস্থ্যবিধি মানতে উদ্ধুদ্ধ করুন। এটা দেশপ্রেমিক নাগরিক হিসেবে সবার দায়িত্ব।
ওবায়দুল কাদের/এসকেএম/আরএম
















Leave a Reply