নির্বাচন নিয়ে দ্রুত সংলাপ চান ফখরুল

নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অতিদ্রুত সংলাপ চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে এক আলোচনা থেকে তিনি এ সংলাপের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি, তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এ সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সবারই আস্থা আছে। কিন্তু অবশ্যই সেটা (নির্বাচন অনুষ্ঠান) সীমিত সময়ের মধ্যেই করতে হবে, একটা সময়ের মধ্যে করতে হবে, যৌক্তিক সময়ের মধ্যেই করতে হবে। তা না হলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।

ফখরুল বলেন, আমি নির্বাচন কথাটার ওপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সবসময় আসছে সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেটা কিভাবে আসবে? সেটা আসবে একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটা আসতে হবে। এর কোনও বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিলেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেই সংস্কার আসতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, এখন যারা ইন্টেরিম গভমেন্টে কাজ করছেন তারা সবাই আন্তরিক, যোগ্য মানুষ। কিন্তু আমরা এটাকে আরও ভিজিয়েবল দেখতে চাই, আরও দৃশ্যমান দেখতে চাই।

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা হয়। ২০১৫ সালের ২৭ আগস্ট তিনি মারা যান।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত এ সরকারের সত্যিকার অর্থে কোনও এজেন্ডা ভিত্তিক কোনও আলোচনা হয়নি। রাজনীতি ছাড়া তো এটা হবে না। রাজনৈতিক দলগুলোর মতামত তো আনতে হবে।

তিনি বলেন, ছাত্র নেতারা যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এই বিপ্লবকে যেন সুসংহত করা যায়, প্রতিবিপ্লব যেন না ঘটে। ইতিমধ্যে যে চক্রান্তের কথা-বার্তা উঠে আসছে আমাদের মধ্যে সেগুলোকে যেন প্রতিহত করা যায়, সেই গুলোতে পরাজিত করে বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে।

মির্জা ফখরুল/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *