পাকিস্তানে দুই সেনাঘাঁটিতে হামলা

৩ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী। এসব হামলায় ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের শীর্ষ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানে এ হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটির একটি বিবৃতিতে বলা হয়েছে, সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরকভর্তি গাড়িও ছিল। এতে ৫০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বুধবার রাতভর এসব হামলার ঘটনা ঘটেছে। এমন সময়ে সেখানে হামলার ঘটনা ঘটছে, যখন চীন এই প্রদেশে বিনিয়োগ করছে।

উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তার সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু ইমরান খান চীনে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটল।

এ হামলার পর একটি ভিডিও বিবৃতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ। তিনি বলেন, আমাদের সেনারা হামলার পাল্টা জবাব দিয়েছেন।

তিনি বলেন, ৭ সেনা ও সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছেন। সেখানে আরও চার-পাঁচজন সশস্ত্র সদস্য রয়েছেন তাদের মোকাবেলা করবেন সেনারা।

এর আগে বেলুচিস্তানের আরেক শহর গোয়াদারে হামলা চালানো হয়। ওই হামলায় ১০ সেনা নিহত হন।

পাকিস্তান/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *