নিউজ ডেস্ক: কানাডিয়ান অনলাইন প্রকাশনা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’-এর ‘দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি’ শীর্ষক প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও ভারত বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে সেরা ৫০-এ বিবেচিত হয়েছে।
আইএমএফ-এর পরিসংখ্যান উদ্ধৃত করে, ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ ২৯ ডিসেম্বর এই প্রতিবেদন প্রকাশ করে। দেশগুলোকে মোট দেশীয় উৎপাদনের (জিডিপি) ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে ৪৬০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে ২০২২ সালে বাংলাদেশ বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম।
এতে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছে। এর আগে তারা ষষ্ঠ অবস্থানে ছিল।
২০২২ সালে ভারত ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপি নিয়ে যুক্তরাজ্যকে (ইউকে) ছাড়িয়ে পঞ্চম স্থান দখল করেছে।
তালিকায় প্রথম চারটি স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি।
বিশ্বের ১০টি বৃহত্তম অর্থনীতির বাকি পাঁচটি দেশ যথাক্রমে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও ইতালি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। প্রথমটি হলো- বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়েছে। দ্বিতীয়টি হলো- বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ১০১ দশমিক ৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
অর্থনীতি/এসকেএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply