নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না।
শনিবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে মতিবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি এখন সব অচল করে দেয়ার হুংকার দিচ্ছে। তারা আবার অগ্নিসন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধামকি এদেশের মানুষ পছন্দ করে না। দেশের মানুষ জঙ্গীবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায়, জনগনই তাদের প্রতিহত করবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের সব প্রস্তুতি রয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গীবাদের মধ্যে দিয়ে কিছু করতে চায়, এদেশের মানুষই তার জবাব দেবে।
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলার অভিযোগ ভিত্তিহীন জানিয়ে মন্ত্রী বলেন, ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয়। মামলা নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভূক্তভোগীরা মামলাগুলো দায়ের করেন। এ বিষয়ে তিনি আরও বলেন, বিএনপি এটাকে গায়েবী মামলা বলে অপপ্রচার চালাচ্ছেন। যেগুলো গায়েবী মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।
পূজা মণ্ডপ নিয়ে তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার দেশে প্রায় ৩২ হাজার ৪০০ পূজা মণ্ডপ রয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য মণ্ডপগুলোতে প্রায় ৬ লাখ আনসার নিয়োগ দেয়া হয়েছে। নিরাপত্তায় পুলিশও রয়েছে। স্বেচ্ছাসেবীরাও মণ্ডপে কাজ করছেন। তবুও সবার মধ্যে একটি শঙ্কা কাজ করছে। তবে আমরা বলছি কিছুই ঘটবে না।
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
পরে তিনি রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন করেন। এছাড়াও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী/এমএএম/টিটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply