৩১ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হছেছিল ৯১ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতারা।
মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালকে উদ্ধৃত করে মঙ্গলবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ও তাস জানায়, মারাত্মক ও দীর্ঘমেয়াদি রোগে ভুগে গতকাল সন্ধ্যায় গর্বাচেভ মারা গেছেন।
কয়েক বছর ধরে গর্বাচেভের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। তিনি হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। গত জুনে তিনি কিডনির অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
গর্বাচেভ ১৯৮৫ সালে ৫৪ বছর বয়সে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার সময় তিনি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন। গর্বাচেভ বিশ্বের জন্য সোভিয়েত ইউনিয়নকে উন্মুক্ত করে দেন এবং অভ্যন্তরীণ কিছু সংস্কার হাতে নেন।
তবে শেষ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে ব্যর্থ হন। সোভিয়েত ইউনিয়ন ভেঙেই রাশিয়ার যাত্রা শুরু হয়েছে।
শেষ এই সোভিয়েত নেতার মৃত্যুতে বিশ্বনেতারা শোক জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন, গর্বাচেভ ‘ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন’। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
পশ্চিমা বিশ্বে এই সোভিয়েত নেতাকে সংস্কারের স্থপতি হিসেবে দেখা হয়। তিনি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ পশ্চিমা বিশ্বের সাথে চলে আসা তীব্র উত্তেজনা তথা স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখেন। পূর্ব ও পশ্চিমের সম্পর্কে ব্যাপক পরিবর্তন আনার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখায় তাকে ১৯৯০ সালে শান্তিতে নোবেল দেয়া হয়।
তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সৃষ্ট অস্থিতিশীলতার জন্য বহু রুশ গর্বাচেভকে দায়ি করেন।
গর্বাচেভ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply