মৌলভীবাজার জেলা জাসদের কর্মী সমাবেশ

মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন দলীয় প্রধান হাসানুল হক ইনু

১০ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতির সামনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা এ মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা; জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবেলা-দমন করতে হবে।

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টাতে হবে। স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকাররা এখনও সক্রিয়। এরা এখনও বাংলাদেশ রাষ্ট্রের মীমাংসিত বিষয়ের ওপর আঘাত করছে। এদেরও মোকাবেলা করতে হবে, নির্বাচনও করতে হবে।

তিনি বলেন, মীমাংসিত বিষয়ে ঐক্যমত এবং রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকারদের মোকাবেলায় একমত থাকতে হবে। এই বিপদ-আপদের সমাধান ছাড়া শান্তি আসবে না। শুধু নির্বাচন বা ক্ষমতার রদবদল কোন সমাধান দিবে না। শান্তির রাজনীতি ও উন্নয়নের জন্য এই তিন বিপদ-আপদের সমাধান করতে হবে।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি এখনও জঙ্গি-রাজাকার-সাম্প্রদায়িকতা ও দুর্নীতিবাজ খালেদা-তারেকের জন্য ওকালতি করে যাচ্ছে। নির্বাচন-গণতন্ত্রকে ঢাল হিসাবে ব্যবহার করছে শুধুমাত্র এদের রক্ষায়।

তিনি বলেন, জনজীবনের সমস্যা, দ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে।

আরও পড়ুন: জাতীয় পার্টি এখন জোটমুক্ত

জেলা কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ারুল হক। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি আব্দুল মুছাবিবর, যুক্তরাজ্য শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বদরুল হোসেন ইকবাল, দফতর সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, কুলাউড়া উপজেলার রফিকুল ইসলাম টিপু ও আলমগীর আলম সাহান, রাজনগর উপজেলার মোস্তাক আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গলের হাজী এনামুল কবিরসহ অন্যান্য নেতারা।

জাসদ/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *