শ্রীলংকায় বিক্ষোভকারীদের শুক্রবারের মধ্যে স্থান ছাড়ার নির্দেশ

৪ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের কলম্বোর গল ফেস গ্রিন এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। গত এপ্রিল মাসে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ শুরু করেন তারা। এখন বিক্ষোভকারীরা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেরও পদত্যাগ দাবি করছেন। বিক্ষোভকারীরা সেখানে দীর্ঘদিন থেকে তাঁবু গেড়ে রয়েছেন এবং তারা সেখানে মাটিতে চারা রোপণ করছেন।

গতকাল বুধবার পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ফেস গ্রিন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ফোর্ট পুলিশ বলেছে, বিক্ষোভকারীর অবৈধভাবে গল ফেস গ্রিন এলাকাসহ আশপাশের এলাকা দখল করেছে। তাদের স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে বিক্ষোভস্থল ছাড়তে হবে।

শ্রীলঙ্কার ডেইলি মিরর জানায়, ফোর্ট পুলিশের গণমাধ্যম শাখা থেকে বিক্ষোভকারীদের জন্য নির্দেশ জারি করা হয়েছে। পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা সরকার বা আরবান ডেভেলপমেন্ট অথরিটির জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন ও চারা লাগাচ্ছেন। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ওই স্থান ছেড়ে না গেলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে এ মাস থেকেই বেল আউট (অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়তা) নিয়ে আলোচনা শুরু করা হবে। গতকাল শ্রীলংকার বিপর্যস্ত অর্থনৈতিক সংকট সমাধানে সর্বদলীয় সরকার গঠনে আইনপ্রণেতাদের আহ্বান জানানোর পাশাপাশি তিনি এসব কথা বলেন।

শ্রীলংকার পার্লামেন্টে দেয়া বক্তব্যে রনিল বিক্রমাসিংহে বলেন, প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে সংবিধানিক সংশোধনী প্রয়োজন। এ মন্তব্যের মধ্য দিয়ে তিনি শ্রীলংকার বিক্ষোভকারীদের অন্যতম দাবি মেনে নেয়ার ইঙ্গিত দিলেন। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়ার ক্ষমতা কমানোর দাবি নিয়ে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এর জের ধরে গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বাজে আর্থিক সংকটের মধ্যে পড়েছে শ্রীলংকা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন অবস্থায় চলে গেছে। প্রয়োজনীয় পণ্যের ক্রমাগত স্বল্পতার কারণে গত জুলাই মাসের শুরু থেকে মানুষ ব্যাপকভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

শ্রীলংকা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *