০৫ জুন ২০২১ (বিনোদন ডেস্ক): ২০০৬ সালে হাবিব ওয়াহিদের সংগীত পরিচালনায় ‘হৃদয়ের কথা’ সিনেমার গানে কণ্ঠ দেয়ার মাধ্যমে সংগীতাঙ্গণে পা রেখেছিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। মুক্তির পর বেশ আলোচনায় ছিলেন তিনি। তার গাওয়া গান মন জয় করেছিলেন শ্রোতাদের। এরপর একসাথে অনেক গান গেয়েছেন হাবিব-ন্যান্সি।
মায়ের এবার হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে গাইলেন ন্যান্সি কন্যা রোদেলা।‘বাধাহীন মনের গল্প’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখেছেন মারুশা। হাবিবের স্টুডিওতে শুক্রবার গানটির রেকর্ডিং হয়েছে।
নতুন গান প্রসঙ্গে রোদেলা বলেন, গানটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি এর আগে যে ধরনের গান করেছি, এটা একেবারের ভিন্ন। নতুন গানটি মেলো-রক ঘরানার।
হাবিবের সাথে রোদেলার কাজ করার প্রসঙ্গে ন্যান্সি বলেন, বছর তিনেক আগে রোদেলা আমাকে একদিন বলে, আমিও হাবিব আংকেলের সাথে গাইব। তখন ও অনেক ছোট, গলাও সেভাবে প্রস্তুত ছিল না।
কিছুদিন আগে রোদেলার দ্বিতীয় মৌলিক গান ‘তোমাকে চাই’ রেকর্ড করে হাবিব ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম। এটি শুনে ‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি আমাকে পাঠিয়ে বলেন, রোদেলার গলায় তুলে তাকে পাঠাতে। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম। এভাবেই নতুন গানটির জন্ম।
‘বাধাহীন আমার মনের এই গল্প’ গানটি প্রকাশ হবে হাবিবের ইউটিউব চ্যানেলে। শিগগিরই এটি প্রকাশ হওয়া কথা রয়েছে।
রোদেলা/এসকেএম















