নিউজ ডেস্ক: বর্তমান সরকারের পদত্যাগের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কারণ নির্বাচিত একটি সরকার কারো দাবিতে কখনোই পদত্যাগ করতে পারে না। এমনটাই বলেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার টাঙ্গাইলের পৌর উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় এক দিনে এক লাখ গাছের চারা রোপণ ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর বিষয়। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে, এটিই তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। বিএনপির পদত্যাগের এই দাবি কোনও দিনই বাস্তবায়িত হবে না।
আব্দুর রাজ্জাক বলেন, আমি মনে করি, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেই পথে বিএনপি আসবে। বিএনপি দাবি জানাতে পারে কীভাবে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়, নির্বাচন কমিশন সেটি করবে। নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে সহযোগিতা করব, যাতে সারা পৃথিবী এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত দেখানো যেতে পারে।
আরও পড়ুন: সংবিধান ও আইনি কাঠামো নির্ভর নির্বাচন চেয়েছে ইইউ
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা খুব ভালো করে জানে যে এ দেশে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার কোনও সুযোগ নেই। নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা কিছু বলেনি, তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিয়েছেন তাদের। আগামী নির্বাচন খুবই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব অতি মুনাফালোভী ব্যবসায়ী ও আমদানিকারক কাঁচা মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply