প্রধানমন্ত্রীর প্রতি চলচ্চিত্র শিল্পী সমাজের কৃতজ্ঞতা

০৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’ পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে  কৃতজ্ঞতা জানিয়েছে দেশের চলচ্চিত্রশিল্পী সমাজ।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদের সরকারি বাসভবনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎকালে আইনটি পাস করায়  প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি ডিপজল এবং রুবেলসহ চিত্রতারকা রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, তমা মির্জা, মিষ্টি জান্নাত, ববিসহ অন্যরা।

তারা এ সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাদের কৃতজ্ঞতাপত্রটি তার কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত এবং চলচ্চিত্রশিল্পীদের বহু প্রতীক্ষিত ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’  ৩ জুলাই জাতীয় সংসদে পাস হয়।

এসময় তথ্যমন্ত্রী বলেন, কল্যাণ ট্রাস্টের জন্য চলচ্চিত্রশিল্পীদের দাবি অনেক পুরনো হলেও আগে কেউ এতে কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন চলচ্চিত্রশিল্পীরা এই দাবি উত্থাপন করেন, তখন তিনি এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনারা লক্ষ্য করেছেন, দেশে যখন লকডাউন চলছে, সেই পরিস্থিতির মধ্যেও আমরা দিনরাত কাজ করে আইনটি সংসদে নিয়ে গেছি।

ডক্টর হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশের সব শিল্পীর জন্য সবসময় উদারপ্রাণ, উদারহস্ত। তার কাছে আবেদন না করলেও কোনও বিষয় তার চোখে পড়লে তিনি সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন। এবং চলচ্চিত্রশিল্পীদের কল্যাণকে একটি স্থায়ী কাঠামো দেবার জন্যই এই ট্রাস্ট, উল্লেখ করেন ডক্টর হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ আইন প্রণয়নে দ্রুত সহায়তা দেবার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সদস্যবৃন্দ, সব সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন।

চলচ্চিত্র শিল্পীদের পক্ষে অনুষ্ঠানে মিশা সওদাগর, জায়েদ খান ও অরুণা বিশ্বাস তাদের বক্তৃতায় কল্যাণ ট্রাস্ট আইনের জন্য প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তথ্যমন্ত্রী/এসকেএম