বাংলাদেশ ৪৫০ কোটি ডলার আইএমএফ ঋণ পাচ্ছে

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সচিবালয়ে সফররত আইএমএফ প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইএমএফ প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন,যেভাবে আমরা চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী তিন মাসের মধ্যে তারা ঋণ প্রদানের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার (১ ডলার ১০০ টাকা ধরলে ৪৫ হাজার কোটি টাকা)। ২০২৬ সাল পর্যন্ত সাত কিস্তিতে ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

আইএমএফের প্রতিনিধিদল গত ২৬ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত মোট ৩০টি বৈঠক করেছে। বেশির ভাগ বৈঠক ছিল আর্থিক খাতের সাথে সম্পর্কিত মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সাথে। আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ দলটির নেতৃত্ব দিচ্ছেন।

মুস্তফা কামাল বলেন, আইএমএফ প্রতিনিধিদল আমাদের চলমান অর্থনৈতিক সংস্কারের সাথে একমত পোষণ করেছে। সে অনুযায়ী আমরা চার বছর মেয়াদি ঋণ কর্মসূচি নিতে যাচ্ছি।

মন্ত্রী বলেন, সরকারের বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রাখা হবে, যা গত প্রায় ১৪ বছর যাবত আমরা করে আসছি। আমাদের সরকারের সবসময় প্রচেষ্টা থাকে বাজেট ঘাটতিকে জিডিপির ৫ শতাংশের মধ্যে সীমিত রাখা।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ব্যবস্থাটি আন্তর্জাতিক বাজারের মূল্যের সাথে সময়ে সময়ে সমন্বয় করা, যাতে সামনে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে দেশের অভ্যন্তরেও তা একইভাবে কমানো যায়।

এদিকে আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশকে ঋণসহায়তা করার বিষয়ে সংস্থাটির সাথে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে। বর্ধিত ঋণ সুবিধা (ইসিএফ) ও বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) আওতায় ৩২০ কোটি ডলার আর রেজিলিয়েন্স সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় ১৩০ কোটি ডলার ঋণ দেয়া হবে। ৪২ মাসের মেয়াদে এ ঋণ দেয়া হবে।

অর্থমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *