২১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অসুস্থ ভাষাসংগ্রামী আহমদ রফিককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন দেশবরেণ্য তরুণ সাংবাদিক, শিক্ষক ও সাহিত্যিকরা। তারা প্রবীণ এই লেখক ও বুদ্ধিজীবীকে এককালীণ অনুদান দেয়ার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বরাবরে দেয়া চিঠিটি দেয়া হচ্ছে সংস্কৃতি প্রতিমন্ত্রীর মাধ্যমে।
চিঠিতে বলা হয়, “ভাষাসংগ্রামী, লেখক, বুদ্ধিজীবী আহমদ রফিক অসুস্থ অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। তিনি আমাদের মহান মনীষী। ভাষা আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। বাঙালির প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টিশীল লেখা ও গবেষণা ছাড়াও তিনি জাতীয় ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছেন। বাংলাভাষা, বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান রয়েছে।”
এতে আরও বলা হয়, “তিনি একাধারে কবি, কথাশিল্পী, সাহিত্য-সমাজ-রাজনীতি-বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ে বহু গ্রন্থের লেখক, তিনি রবীন্দ্রতত্ত্বাচার্য। পেশায় তিনি একজন ডাক্তার ছিলেন। জীবনভর দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশ পদক পেয়েছেন। এ ছাড়াও কলিকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে। তিনি তাঁর জমানো বিশ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রাস্ট করে খরচ করেছেন।”
প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে বলা হয়, “তার সন্তানাদি নেই, একা মানুষ। এখন প্রবল আর্থিক কষ্টে পড়েছেন। খুব সম্প্রতি তাঁর ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে ‘আজকের পত্রিকা’য় এক সাক্ষাৎকারে তিনি স্বেচ্ছায় মৃত্যুর আইন চেয়েছেন। আমরা তাঁর এই দাবির সঙ্গে তাঁর বর্তমান অবস্থার সম্পৃক্ততা অনুভব করে বিচলিত বোধ করছি। তিনি
অত্যন্ত আত্মমর্যাদাসম্পন্ন মানুষ, কোনো অবস্থাতেই ব্যক্তি মানুষের দান-খয়রাত গ্রহণ করতে একেবারেই প্রস্তুত নন। এমতাবস্থায় রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই মানুষটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা একান্ত প্রয়োজন।”
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হিসেবে আহমদ রফিককে এককালীন ৩০ লাখ টাকা অনুদান প্রদান করে তাঁর বাকি জীবনটাকে শান্তিপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করে তোলার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সাথে প্রেস ক্লাব অব অল ইন্ডিয়া সমঝোতা স্মারক
এ চিঠিতে স্বাক্ষর করেন কবি অধ্যাপক শোয়াইব জিবরান, সাংবাদিক ও কবি ওবায়েদ আকাশ, কবি অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল, সাংবাদিক রাজীব নূর, শাহনাজ মুন্নী, লোপা মমতাজ, অধ্যাপক জোবাইদা নাসরিন, কবি কবির হুমায়ূন, কবি আলফ্রেড খোকন, লেখক শামীম রেজা, রেজা ঘটক, কবি অধ্যাপক আফরোজা সোমা, পিয়াস মজিদ, মোজাফফর হোসেন, চলচ্চিত্র নির্মাতা সাইমন জাকারিয়া, কথাশিল্পী স্বকৃত নোমান, শাহেদ কায়েস ও কবি সরকার আমিন।
আহমদ রফিক/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply