ভূমিকম্পে আশ্রয়হীন কয়েক হাজার মানুষ

১৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের পর বাড়িঘর ভেঙে ধ্বংস স্তূপে পরিণত হয়। আশ্রয়হীন হয়ে পড়েছেন ১৫ হাজারের ও বেশি মানুষ। তিন শতাধিক বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

দ্বীপের চারদিকে এখন কেবল ধ্বংস স্তূপ। ভূমিকম্পের ভয়াবহতার ছাপ সুলাওয়েসি দ্বীপজুড়ে। মাত্র সাত থেকে ১০ সেকেন্ডের ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে উঁচু দালানসহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালও। বাড়িঘর হারিয়ে অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধসে পড়া ভবনে এখনও অনেকেই চাপা পড়ে থাকতে পারে। ধ্বংসযজ্ঞ সরিয়ে নিখোঁজদের উদ্ধারে শুক্রবার দিনভর প্রাণান্তর চেষ্টা চালান উদ্ধারকর্মীরা।

ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাউথ সুলাওয়েসির গভর্নর নুরদিন আবদুল্লাহ বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত। যাদের চরম স্বাস্থ্যঝুঁকি রয়েছে আমরা তাদের সুচিকিৎসার জন্য সাউথ সুলাওয়ায়েসিতে স্থানান্তর করবো।

তবে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার, স্থানীয় সময় মধ্যরাতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মাজেন শহরের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *