অক্ষমতা আড়াল করতে বিএনপি সরকারের ওপর দায় চাপাচ্ছে

৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

‘সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে,’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এই ধরনের বক্তব্য সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার। সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা একদিকে সন্ত্রাস সৃষ্টি করবে, জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবে, বাসে আগুন দিবে, নিজেরা নিজেরা মারামারি করবে, আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে, মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখেছে শেখ হাসিনা নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি। আইনের গতিকে কোন বাধাগ্রস্থ করেনি। শুদ্ধি অভিযানে গ্রেফতার হয়েছে নিজ দলের অনেক নেতা।

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোন অপরাধীকে গ্রেফতার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন। তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোন দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না, এমন মন্তব্য করে তিনি বলেন, অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। দুধ কলা দিয়ে সাপ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *