আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে

১৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এমনটাই বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যাটিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে করোনায় দরিদ্র ও কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলামের যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ভার্চ্যুলি অনুষ্ঠানে যুক্ত হয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষমাত্রায় সহানুভূতিশীল। তার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ দরিদ্র, অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন। জনগণকে করোনার এই সংকটকালে নানাভাবে সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। কারণ, আওয়ামী লীগ মানুষের পাশে থেকে এ দেশের মানুষকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে বদ্ধপরিকর। তাই, আওয়ামী লীগ সবসময় এদেশের মানুষের পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিনেও পাশে থাকবে।

তিনি বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায় মানুষের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামরুল ইসলাম। ফলে সহযোগিতার কলেবর আরও বিস্তৃত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শেফালী আক্তার, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম সরকার এবং ৫৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস/এসকেএম