২৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। কোন দেশীয় শক্তি, চক্রান্তকারী ও বিদেশিদের পদলেহনকারী- এমন কেউ এ নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারবে না।
সোমবার টাঙ্গাইল শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। সবসময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং দেশের উন্নয়ন ও কল্যাণে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনেও দলটি গণতন্ত্র চর্চা করবে।
আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের জনগণ সব ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে। কাজেই, বিএনপি যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ছাড়া ষড়যন্ত্র করে বা চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না।
টাঙ্গাইলে ৫০০ বেডের শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালটি শুধু টাঙ্গাইলবাসীর জন্য নয়, উত্তরবঙ্গের অনেক মানুষের জন্যও খুবই প্রয়োজনীয়। কারণ, টাঙ্গাইল এখন উত্তরবঙ্গের গেটওয়ে। এ হাসপাতালটিকে আধুনিক সুযোগসুবিধা সংবলিত আন্তর্জাতিক মানের হাসপাতালে উন্নীত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এসময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য ছোট মনির, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply